
আমাদের রামিসা চলে গেছে
এখনো আমরা টিকে আছি
এখনো আমরা স্বাভাবিক রয়েছি
আমাদের বুক একটুও কাঁপে নি
আমাদের রক্তে একটুও ঝড় ওঠে নি
আজকেও সূর্য উঠেছে পূব দিকে
আজকেও শহরের রাস্তায় ফ্লাডলাইট জ্বলেছে
আমাদের বেহেস্তের ছোট্ট ফুলটি ঝরে গেলো পিশাচের হিংস্র স্পর্শে
ধরণী এখনো দ্বিধা হয় নি।
আমাদের রামিসা চলে গেছে
এখনো আমরা মূক-মূঢ়-ম্লান হয়ে আছি
এখনো আমরা আত্মতুষ্টিতে ভুগছি
ভাবছি আমার রামিসা তো ঘরেই আছে
আমাদের ঠোঁট একটুও কাঁপে নি
আমাদের হ্নদয় একটুও ভাংগে নি
আজকেও মতিঝিলে ট্রেড-বানিজ্য হয়েছে
আজকেও সচিবালয় বসেছে রূটিন মাফিক
আমাদের ছোট্ট পরীর বুকটি এফোর-ওফোর হয়ে গেলো জানোয়ারের নখ থাবায়
বাংলাদেশের বুক এখনো এফোর-ওফোর হয় নি।
আমাদের রামিসা চলে গেছে
রামিসা এই পচে যাওয়া মনুষ্য নগরী ছেড়ে চলে গেছে
রামিসা এই বিকৃত পৃথিবী ছেড়ে চলে গেছে
আগামীকাল আরেকজন রামিসা চলে যাবে
বাবার কাঁধে ভারী লাশ হয়ে বিদায় নিবে নতুন এক রামিসা
মায়ের চোখের জ্বল শুকিয়ে বিদায় নিবে নতুন এক রামিসা
আগামীকালের সূর্যটাও ঠিক পূব দিকে উঠবে
ট্রেড-বানিজ্য,অফিস-আদালত ঠিক ঠিক চলবে
শুধু চলে যাওয়া রামিসারা আর ফিরবে না
আমাদের রামিসা চলে গেছে…
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
.jpg)



