আঁধারবতী..............
ঠিক করেছি আঁধারবতী তোমার বাড়ি যাবো ,
ঝোলায় ভরে জোনাক নিয়ে উঠোনে বিলাবো ।
যেই বাড়িতে রাত দুপুরে চাঁদ সুরুজের আকাল ,
সেই বাড়িতে জ্বালিয়ে দেব রাজ ময়ূরের মশাল ।
ঠিক করেছি আঁধারবতী তোমার খিড়কি খুলে ,
প্রেম দক্ষিনার পরশ নিয়ে খোঁপায় থাকবো ঝুলে ।
যখন তুমি জানালা ছুঁয়ে রাত পোহাবে একা ,
তারা বুননে নকশা দেব তোমার সে রাত দেখা ।
ঠিক করেছি আঁধারবতী তোমার শোবার পাশে ,
ঘুম পাড়ানোর ধুন ছড়াবো মহুয়া সুবাতাসে ।
ঘুমিয়ে গেলে নিষ্পাপ গালে জ্যোৎস্না পড়বে গলে ,
আমি তখন মেঘ সরাবো চাঁদকে সরি বলে !
ওগো আমার আঁধারবতী তোমার বাড়ি গেলে ,
ভেতর শুধু আসতে দিও মনের দুয়ার খুলে !
তোমার আঁধার কেটে ছেঁটে জ্বালিয়ে দেবো তারা ,
কিছুই চাইনা পাই যদি আজ এইটুকু আস্কারা !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


