
দু'টি কবিতা।
ভাল থাকবেন কবিতা প্রেমী বন্ধুরা।
১।
নিঃসঙ্গতার দ্বৈরথ
কোন একদিন
হয়ত তুমুল ঝঞ্জায়
ভূগোলের পাতা থেকে ঝরে যাবে
দিন-মাস-ঋতুর হিসেব।
তারও আগে ফুল-বন-মৌমাছি-মধু
কিংবা জানালায় চাঁদের আলোতে
মন্থনে নিমগ্ন যুগল দেহ
নিষ্ফলা চৈত্রে হয়ে যাবে অতীত স্মৃতি।
ওরকম নিষ্ফলা চৈত্রও যদি হয়, এস!
বুকের কার্নিসে জ্বালানো তপ্ত আগুণে
যে আগুণ জ্বলছে জন্মান্তর,
সামাজিক ভালবাসায় যদি পড়ে বৃষ্টির অনাহূত ছাঁচ
অন্তর রাঙাক তোমার
কামে-ঘ্রাণে কিংবা ঘুমন্ত ফুজিয়ামার
বিনাশী আগুণের আঁচে।
তবু এস, যদি ভাব কালান্তর হয়েছে বিষাদ
লোকালয়ে অযুত মানুষেও
তুমি এখনো খুব বেশী একা।
২৬শে ফেব্রুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।
----------------------------------------------------------------------------
২।
অনুকাব্যঃ
আকাঙ্ক্ষা
বোধের কোয়া থেকে চুইয়ে পড়ে রস,
নিস্তেজ ছোবড়া হয়ে ধূসর নীলাকাশ;
জেনে গেছে পরাশ্রয়ী জীবন
যতটুকু রঙিন মুখোশ মানুষেরে মানায়
তার চেয়েও গভীরে তার আকাঙ্ক্ষার শেকড়।
২৬শে ফেব্রুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


