১।
আগুন
দ্রোহের আগুনে জ্বলুক
ঘুণে খাওয়া মন,
ছেঁড়া তীর থেকে ছুঁড়ে দেয়া তূণ
না যাক গন্তব্যে,
আক্ষেপ নেই;
তুষ পোড়া ছাইয়ের আগুনে উত্তাপ কি কম?
শুধু জ্বলে ওঠার জন্য চাই
একটু দমকা বাতাস।
১৮ই জুন ২০১৭
যুক্তরাজ্য।
২।
এক আকাশ স্বাধীনতা
সজোরে হাকাও ঐ হাতের চুড়ির
রিনিঝিনি চাবুক,
সজোরে বাজাও ঐ অর্গল মনের
বিষণ্ণ সাইরেন;
যুদ্ধ বাঁধুক হাজার বছরের ক্ষয়ে যাওয়া হৃদয়ে,
স্মৃতির অশ্বে আসুক অচীন কুমার;
যুদ্ধ হোক যুদ্ধ
প্রতিটি বিক্ষিপ্ত মনের, প্রতারিত মানুষের সাথে
প্রতিটি প্রতারক বিশ্বাস, প্রতারক কাঠামোর।
চলে গেছ দূরে, কতটুকু দূরে?
এখনো দৃষ্টির সীমানায় গোধূলি আকাশ,
ফিরতে চাইলেই ফিরে আসা যায়,
সন্ধ্যের বাতাসে ধূলীর পরশ
এখনো রেখেছে ধরে রাতের বাতাস।
এতো এতো পার, কতটুকু পার?
হাতের বাঁধন ছিঁড়ে খায় কালের গ্রাস;
সময় যদি অতটুকু পারে
মনের ক্ষমতা কি তারচেয়েও কম?
সজোরে ভাঙ ঐ শৃঙ্খল মেয়ে
আমাদের স্বাধীনতা...
এক অসীম আকাশ।
২৮শে জুন ২০১৭
যুক্তরাজ্য
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৭ সকাল ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




