
১।
থাক দু'জনার চোখে চোখ,
তুমুল বসন্ত শেষে ফিরে যাওয়া বিষণ্ণ পথিক
না রাখুক মনে ঐ ক্ষণিক প্রাপ্তিটুকু;
আবার না হয় অপেক্ষায় কাটুক আরেক ফাগুনের,
ততদিন থাক চোখে চোখ;
চোখের ভিতরে খুঁজে ফেরা
সেই কামনার তিথির চেয়েও বেশী কিছু
ছাই চাপা আগুনে পোড়া
কামাতুর কম্পিত অধর
থাক, ঐটুকু থাক
চোখের ভিতরে থাক, চোখ।
২।
কতদিন বলে কয়ে
তোমার সম্মতি পেয়েছিলাম একটি সন্ধ্যের!
সন্ধ্যের আগের তপ্ত দুপুর
তুমি বললে থাকতে হবে কোর্টে,
আর সন্ধ্যের পরে আমার পত্রিকা অফিসে;
যাপিত জীবন অনাকাঙ্ক্ষিত ঘড়িতে মোড়া,
যদি দেখা না হয়
ফিরতি পথে ট্রেনের চাকায় পিষ্ঠ হবে এক জনমের চাঁদ,
যদি দেখা হয়
রূপালী সারস হইয়ো যদি মন চায়,
কিংবা এক আকাশ আলো নিয়ে
এক স্বপ্নের নক্ষত্র রাত।
১০ই জুলাই ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



