
আনিয়ার সাথে মাঘের শেষ বিকেল
তোমার সাথে কি আমার
কোন দিনই দেখা কিংবা কথা হবে না?
'হবে!
কোন একদিন মাঘের শেষে
যখন রোদ হেলে যাবে
ম্লান রোঁদে মৃদু বাতাসে উড়বে আমার চুল
সেইদিন হবে দেখা, তোমার সঙ্গে; একা।'
তখন ফাগুন
ফুলে ফুলে তুমি সুরভিত বাগানে,
অসংখ্য ভ্রমর!
তুমিতো একা নও! কখনো ছিলেনা!
'একা, বড় একা!
চারপাশে মচ্ছ্বব উৎসব
মধু, মালতির পরাগে পোকার মিছিল
যতটুকু রূপ, গুন তারচেয়েও বেশী ক্ষণিক তৃষ্ণা!'
কোন কালে ছিলনা এসব?
সেই পৌরাণিক সময়েও যোদ্ধা কি যায়নি যুদ্ধে?
ফিরে আসার তাড়া কি তারাও ভুলেনি?
অচীন রমণীর শরীরের বাঁকে
হরপ্পার রাত কি মাতে নি ঘুঙুরের শব্দে?
'হয়ত!
শোষক আর শোষিতের মত এখানেও বিভাজন
শারীরিক অক্ষমতা তৈরী করেছে অপরাগতার উপাখ্যান
মেনেই নেয়া হয়েছে ইচ্ছের ক্রীড়ানক নারী!'
আমার আর আনিয়ার সাথে কথোপকথোন আগায় না,
বুঝতে পারি যতটা নিঃশব্দে সে আসে
তারচেয়েও বেশী সন্তর্পনে চলে যায়;
আর আমার দৃষ্টির চৌহদ্দির বাইরে মাঘের শেষ বিকেল,
ম্লান রোদের মৃদু বাতাসে চুল রাঙিয়ে
হেঁটে হেঁটে অদৃশ্য হয়ে যায় আনিয়া।
১১ই জুলাই ২০১৭
নরউইচ, যুক্তরাজ্য।
ছবি কৃতজ্ঞতাঃ আনিয়া ইসলাম
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


