এখনো সন্ধ্যে নামেনি
বুকের গভীর হয়ে আছে অফসলী কর্কশ জমিন,
অনেকদিন ওখানে আবাদ হয়নি শস্যের;
তুমি জান তুমি যদি বল 'ভালবাসি'
তবেই বৃষ্টি হবে,
মাটির দেয়াল ফুঁড়ে জেগে উঠবে সবুজ বৃক্ষের চারা।
অনেক দিন কেউ বলেনি 'ভালবাসি',
অনেক দিন অজস্র চুম্বনে অতিষ্ঠ হয়ে কেউ বলেনি 'আর না, এবার থামো'!
রাত্রির দ্বিপ্রহরের অর্গল ভেঙে কৃত্তিম অভিনয়েও বলিনি কেউ
'প্লিজ এবার একটু ক্ষান্তি দাও,
আমাকে নিশ্বাস নিতে দাও!'
অনেকদিন বুকের জমিন ঘেটে কেউ সুধায়নি
'এতটা আঁধারেও কি করে বুকের উষ্ণতা জাগিয়ে
এত এত আলো জ্বালো তুমি'!
আজ যখনি অসংখ্য পল্লবিত তরু পূবের অরুণে বাড়ালো বিহঙ্গের ডানা
আমি বুঝে গেলুম, জীবনের প্রতিটা ফাগুন অন্যরকম,
কালের সাক্ষী হওয়া ন্যূজ্জ শরীরে উঠে আসে কিশোর প্রেমিক,
ওষ্টে ওষ্ঠ রেখে গান গায় বহতা জীবন
'এখনো সন্ধ্যে নামেনি'।
১৬ই সেপ্টেম্বর ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



