জাতীয় শিশুনীতি ২০১০-এর খসড়ায় শিশু বলতে ১৮ বছরের কম বয়সীদের বোঝানো হয়েছে। এ নীতিতে ১৪ বছরের কম বয়সীদের সার্বক্ষণিক শিশুশ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না বলে উল্লেখ করা হয়েছে। আজ বুধবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় তাদের সভাকক্ষে খসড়াটি জানানোর লক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রস্তাবিত খসড়ায় আরও সুপারিশ অন্তর্ভুক্তির জন্য সেটি আজ থেকে ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটগুলো হলো—www.mowca.gov.bd ও http://www.mspvaw.bd.org। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে কেউ ওয়েবসাইট দুটিতে এ-সংক্রান্ত যেকোনো সুপারিশ করতে পারবেন।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খসড়া নীতিতে জাতীয় পর্যায়ে আইনের মাধ্যমে শিশুদের জন্য ন্যায়পাল নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। এর আগে ১৯৯৪ সালে প্রণীত একটি জাতীয় শিশুনীতি ছিল। সেটিকে যুগোপযোগী করার জন্য নতুন নীতি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
১৯৯৪ সালের শিশুনীতিতে ১৪ বছরের কম বয়সীদের শিশু বলা হতো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


