স্বপ্নের দেশ এক সময় আমাকে খুব টানত । ঈশ্বরের স্বর্গটা বিমূর্ত ।ওখানে
যেতে চাইলে মরে যেতে হয় । কিন্তু দুনিয়ার স্বর্গ সে তো আমেরিকা । অন্তত বাংলাদেশের মানুষ তাই ভাবে । দাম বাড়িয়ে লাভ নেই, আমিও সেই ভাবনা ভাবা মানুষদেরই একজন । ভাবনা ভাবতে ভাবতে স্বর্গে আমার পা পড়ল । আর একটু পর প্লেন রানওয়ে স্পর্শ করবে, সে অন্যরকম অনুভূতি ।
প্লেন থামল জন এফ কেনেডি এয়ারপোর্টের চার নম্বর টার্মিনালে ।জন এফ কেনেডি এয়ারপোর্টের কাঁচের ভিতর দিয়ে যখন স্নিগ্ধ সূর্যের আলোর স্পর্শ পেলাম সেদিনকার অনুভূতি ভাষায় ব্যক্ত করা যাবে না ।প্রথম প্রথম ভাবতাম এই সেই স্বর্গের দেশের ঘাস, এই সেই স্বর্গের দেশের গাছ, মাটি, আকাশ,পানি।অনুভব করতে লাগলাম সবকিছু। ভোরবেলা আলতো পায়ে স্বর্গের দেশের ঘাসেদের স্পর্শ নিতাম।
কিন্তু একটা সময় রূঢ় বাস্তবতার মুখোমুখি হলাম। এখন আর স্বপ্ন টপ্ন কিছু খুঁজে পাই না । দেশটাকে খুব মিস করি। যখন দেশে ফিরতে ইচ্ছা হয় তখন দো-টানায় পড়ে যাই।
যখন ভাবি সব ছেড়ে ছুড়ে দেশে চলে যাব তখন আমার দ্বিতীয় মন বিরোধীতা করে বলে আরে পাগল যে দেশে আসার জন্য সবাই ব্যাকুল তুই সে দেশ ছেড়ে চলে যেতে চাস ? দেখিস না শাবানা ,মাধুরী দীক্ষিত তাদের গ্লামার জীবন ছেড়ে এদেশে বসতি গেড়েছে । আর তুই এদেশ ছেড়ে চলে যেতে চাসরে গাধা ?
তখন আমার প্রথম মন বলে হুম তুমি ঠিকই বলেছো ।আমার এই তথাকথিত স্বপ্নের দেশ ছেড়ে যাওয়া ঠিক হবে না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



