
তোমার কাছে ভালবাসা ধার নিয়ে; বাঁচতে চেয়েছিলাম,
ভালবাসা পেয়ে তো নয়!
হাত পেতে চেয়েছিলাম - দু'পায়ে মাড়িয়ে যাওয়া স্পর্শ-ধূলি।
দু'হাঁটু মুড়ে করজোড়ে ভিক্ষা চেয়ে বলেছিলাম, আজীবনের দাসী করো প্রিয়!
তবুও তো পাবো তোমায়; কিছুটা সেবার অধিকার।
ভালবাসা না-ই বা দিলে, হেলা-ই নাহয় দিও!
দাওনি, নাও-ও-নি!
আর কত নরম হ'বো?
আসলে কী চাইতে আমার কাছে ভিড়েছিলে, বলো তো?
আমার মৃত্যু?
মেরে ফেলছো না কেন তবে? দূরে থেকেও কেন তাকিয়ে থেকে আরো দূর্বল করে দিচ্ছ?
না কি আমাকে মারতে গিয়ে; আমার চোখের ছায়ায় তুমি কেঁপে ওঠতে পারো,
আমার চোখে তোমার প্রতি গভীর প্রেমানুরাগের সুরমা আঁকা দেখে; ছুঁয়ে দিতে
ইচ্ছে হতে পারে তার সুচারু, আমার উন্মূখ মরাল গ্রীবাদেশে-
এঁকে দিতে ইচ্ছে হতে পারে জগতের সর্বশ্রেষ্ঠ চুম্বণ; যা কোনদিন আর কাওকে দিতে ইচ্ছে
করবে না তোমার, তুমি তা জানো!
না কি চোখের কোল বেয়ে গড়িয়ে পড়া অশ্রু দেখতে গিয়ে; থেমে যেতে পারে
তোমার দু'হাতের হিংস্রতা! বেরিয়ে আসতে পারে- শক্ত ঘৃণ্য সেই অমানুষ রূপের
ভেতরকার বিদগ্ধ এক প্রেমিক পুরুষ,
বলো! তোমায় আমি যা জেনেছি; তা তাহলে মিথ্যে নয়?
বলো, কেন বার বার দেখতে চাইতে?
এখনও কেন আসো, নানান মুখোশে?
যা বলতে ইচ্ছে করে তোমার; আমার হাতে হাত রেখে,
চোখেতে ডুবিয়ে দিয়ে তোমার দু'চোখ!
নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে থেকে ব্রীড়া আমার সকল অস্তিত্ব জানান দিচ্ছে
আমি আমার প্রেমিক পুরুষের সমূখে বসে।
তুমি জানো, তুমি পারবে না এই সর্বনেশে রূপে উতল আমাকে দেখে-
খুব সহজে এড়িয়ে যেতে, উপেক্ষায় ঠেলে দিতে।
সূর্য রূপ অহং পৌরষের সবটুকু গ্রাস হবে চাঁদের আয়ত্বে,
দূর্নিবার ইচ্ছেগুলো তখন গ্রাস করতে চাইবে চাঁদকে; তোমার গহন লোমশ বুকে,
তুমি তা জানো বলেই এহেন পরাজয় মেনে নিতে না চেয়ে; পালিয়ে যেতে চাইছো,
বাঁচতে চাইছো যুদ্ধে না নেমেই; পলাতক ভীরু জয়ীর পোষাকে,
তোমার এমন কাপুরুষতা কী সাজে?
তুমি কী ভেবেছো আমি বুঝিনি! কে আসে- বিচিত্র সেই বেশে?
কে আমার অধর ছুঁয়ে দিয়ে যায়,গভীর ভালোবেসে?
চুপি চুপি গান শুনে, কে আমার মন বুঝতে চেয়ে!
ভাবো আমি কিছুই বুঝিনা, তাই- না?!
সব-ই বুঝতে পারি! বুঝতে পেরেছি এ-ও, তোমার চাওয়া আমি-ই!
তোমাকে বুঝতে পেরেছি, এটাই বড় অপরাধ বুঝি?
ফুরায় না যা, আমাকে দিয়ে-ও এমন শাস্তি!?
ভালোবাসার মত করে; যে ভালবাসতে জানে,
তাকে কী ভুলে থাকা যায়, না পারছো?
কত কী ব্যস্ততায় জড়িয়ে রেখে নিজেকে, কত শত কাজে; আমার কাছ থেকে দূরে আছো,
বেশ তো! ভালো আছো?
জিজ্ঞেস করেছিলাম, আমার অবস্থানটা কোথায়?
ঘৃণায়, না ভালবাসায়?
মেলেনি উত্তর তারও আজো...
শব্দহীন নিরবতার কাছে তাই প্রশ্ন,
মৃত্যু যন্ত্রনার চেয়েও আরও বেশী যন্ত্রনা-ই যদি দেবে,
এই উপকারটুকু তবে করে যেও,
তোমার বুকে ল্যাপ্টে, জাপ্টে পিষে মেরে ফেলো!
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



