তোমার শেষ আহ্বানময় আকুতিতে
প্রত্যাখ্যান ছিল— ছিল অট্টহাসি।
তুমি হলে পরাজিত মরুদ্যান,
আমি বিজয়ী তোমার সাম্রাজ্যে।
কী অদ্ভুত সমীকরণ দুজনের—
নিরুদ্দেশের যাত্রা হয়ে অচেনা।
কী ছিল না তাতে,
আর কী রয়ে গেল?
ধুলোময় স্মৃতি আর একটি নাম।
তুমি পারলে, আমিও তাই—
দূর দেশান্তর, আকাশ সাক্ষী।
তাই তোমার আগত অগণিত নির্ঘুম রাত্রি থেকে
আমাকে একটি নীল জ্যোৎস্নাময় রাত্রি দিও।
কথোপকথনে হবে নীলকাব্য,
সহস্র কোটি মাইল দূরত্ব ঘুচে
এক হয়ে দুটি মন দেবে মৌনতত্ত্ব।
আমি সাজাবো সকাল, দুপুর, সন্ধ্যা—
অসংখ্য জোনাকি দেবে পাহারা রাতভর।
আর এভাবেই অনন্তকালের যাত্রায়
চলবে তোমাকে পাওয়ার শেষ আকুতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



