ঘুষের খেলা
নাজমুল ইসলাম মকবুল
রাজনীতি আজ পেটনীতিতে ভরে গেছে ভাই
লুটপাট করে দেশটা খেয়ে করছে তারা ছাই।।
ক্ষমতাতে গিয়ে দেখায় ভানুমতির খেল
কাছে টানে চাটুকারদের যারা মারে তেল
উপর থেকে নিচ পর্যন্ত শুধু যে খাই খাই।।
ঘুষ দুর্নীতি টেন্ডারবাজি চলে মনের মতো
কমিশনের ভাগ পেয়ে কয় চলুক অবিরতো
দেশ চলে যাক রসাতলে নগদ যা পাই খাই।।
অগণিত কালা বিলাই করছে যে কিলবিল
টাকার বস্তা হজম করে শক্ত ওদের দিল
পাবলিক মরলে তারা খুশি তাদের চিন্তা নাই।।
ঘুষকে তারা উপরি বলে জনম ভরে খায়
ভাগ বাটোরার অংশ পাঠায় আসলও জায়গায়
দিবানিশি ঘুষের খেলায় সততার নাই ঠাই।।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



