
হে আলী! পাঁচটি কাজ না করে ঘুমাবে না... এটি হাদিস নয়
ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি, আমাদের দেশের গ্রাম গঞ্জে অনেকের বাড়িতে এ কথাগুলো পোস্টার সাইজের কাগজে লাল রঙে ছাপিয়ে ঝুলিয়ে রাখা হতো। অনেক বাড়ির দেয়ালেও দেখা যেত এই পোস্টার। ছোটবেলা ফজিলতপূর্ণ এই কথাগুলো খুব মনযোগ দিয়ে পাঠ করতাম।
লোকমুখে প্রসিদ্ধ এবং উপরোল্লিখিত পোস্টারে ছাপানো সেই কথাগুলো হচ্ছে, আলী রাদিআল্লাহু তাআ'লা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী! তুমি পাঁচটি কাজ না করে ঘুমাবে না। কাজ পাঁচটি হল :
১. চার হাজার দিনার ছদকা দিয়ে ঘুমাবে।
২. এক খতম কুরআন তিলাওয়াত করে ঘুমাবে।
৩. জান্নাতের মূল্য দিয়ে ঘুমাবে।
৪. দু’ব্যক্তির মাঝের বিবাদ মিটিয়ে ঘুমাবে।
৫. একটি হজ্ব আদায় করে ঘুমাবে।
এ কথা শুনে আলী রাদিআল্লাহু তাআ'লা আনহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! এ তো আমার জন্য দুঃসাধ্য কাজ। আমি কীভাবে এগুলো করতে পারি?
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-
(১) ঘুমের সময় চার বার সূরা ফাতেহা পাঠ করলে তোমার আমলনামায় চার হাজার দিনার ছদকা করার সাওয়াব লেখা হবে।
(২) তিন বার কুলহুওয়াল্লাহ অর্থাৎ, সূরা ইখলাস পড়লে তোমার আমলনামায় এক খতম কুরআন পড়ার সাওয়াব লেখা হবে।
(৩) তিন বার দরূদ শরীফ পাঠ করলে জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে।
(৪) দশবার ইসতেগফার পড়লে বিবাদ মিটানোর সাওয়াব লাভ হবে।
(৫) চার বার কালেমায়ে তামজীদ পাঠ করলে এক হজ্বের সাওয়াব পাওয়া যাবে।
একথা শুনে আলী রাদিআল্লাহু তাআ'লা আনহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমি প্রতিদিনই এই আমল করে ঘুমাবো- ইনশাআল্লাহ!
বস্তুতঃ এটি হাদিস নয়, বরং ভিত্তিহীন একটি কথাঃ
উপরোক্ত কথাটির কোনো সূত্র নেই। নিছকই একটি ভিত্তিহীন বর্ণনা এটি। হাদিসের নির্ভরযোগ্য কোনো কিতাবে এই ধরণের বর্ণনার অস্তিত্ব পাওয়া যায় না।
আশ্চর্য্যের বিষয় হচ্ছে, এই কথাটি আরব-অনারব বলতে প্রায় সকলের মাঝেই প্রসিদ্ধ। কিন্তু এর দলিল ভিত্তিক কোনো ভিত্তি কিংবা প্রমান নেই। এ ধরনের ভিত্তিহীন বর্ণনা প্রচার করা গুনাহের কাজ। এ থেকে বিরত থাকা আবশ্যক।
সহিহ হাদিসের আলোকে বর্ণিত ফজিলত প্রচার করা সাওয়াবের কাজঃ
বলার অপেক্ষা রাখে না যে,, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরূদ শরীফ, ইসতিগফার ইত্যাদির ফজিলত সহীহ হাদিসে বর্ণিত হয়েছে। সেসব ফজিলতসমূহই মানুষের মাঝে প্রচার করা উচিত। এটা নিঃসন্দেহে সাওয়াবের কাজ। -ফাতাওয়াল লাজনাদ দায়েমা ৩৭৮৯১, শায়েখ ছালেহ আল উছাইমিন
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




