আমাদের সমাজে অনেক বড় বড় মানুষ আছেন যারা প্রতিনিয়ত বিভিন্ন কোচিংগুলো এবং শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধ করার কথা বলে থাকেন। এসব কথা বলার আগে আমাদের একবার ভাবা উচিত যে, এই কোচিংগুলোর অথবা প্রাইভেট পড়ানোর এই রীতিটার আসলে উত্পত্তি হল কিভাবে। এসবের আবির্ভাব হওয়ার সবচেয়ে বড় কারণগুলো হল:
১। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঠিকমত ক্লাস না হওয়া। বিশেষ করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।
২। অভিজ্ঞ ও দায়িত্বশীল শিক্ষকের অভাব।
৩। পর্যাপ্ত শিক্ষকের অভাব।
৪। একেকটি ক্লাসের সময়সূচি প্রয়োজনের তুলনায় অতি নগণ্য হওয়ায়।
৫। শিক্ষকদের বেতন অতি অল্প হওয়ায় শিক্ষকরা ক্লাসে পড়াতে আগ্রহ হারিয়ে ফেলেন এবং অনেকটা বাধ্য হয়েই প্রাইভেট পড়ান বা কোচিং তৈরি করেন।
৬। কিছু কিছু শিক্ষকদের ব্যবসায়িক বা কমার্শিয়াল চিন্তাভাবনা।
৭।শিক্ষা পদ্ধতির ঘন ঘন পরিবর্তন-
এগুলো ছাড়াও আরো বিভিন্ন কারণ রয়েছে তবে এগুলোই মুখ্য। অধিকন্তু এগুলো শুধু মুখ্য কারণ নয়, বরং একেকটি বড় মাপের সমস্যা। এ সকল সমস্যা সমাধান না করে সরাসরি কোচিং বা প্রাইভেট বন্ধ করে দেয়া টা সমাধান হতে পারে না। বরং সমস্যা আরো বাড়ার আশঙ্কা থাকে। তাই এসব সমস্যা সমাধানে আগে পদক্ষেপ নেয়া উচিত। একটা সমাধান উদাহরণ হিসেবে দেখানো যেতে পারে-
ছাত্রছাত্রীরা সরকারি কলেজগুলোতে মাসিক বেতন দেয় সর্বোচ্চ ১২ টাকা। সেখান থেকে ক্লাস ফাঁকি দিয়ে তারা যায় কোচিংএ পড়তে আর শিক্ষকরা ক্লাস ফাঁকি দিয়ে যায় কোচিংএ পড়াতে। ঐ ছাত্রছাত্রীরাই কোচিং, প্রাইভেট ইত্যাদি বাবদ দেয় কমপক্ষে মাসিক ১২০০ টাকা। অন্যথায় সে ঐ পড়া টি ঠিকভাবে বুঝে নিতে পারে না যা তার বোঝা দরকার। এখন এটার সমাধান হল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাসের সময় বাড়ানো, সার্বক্ষনিক মনিটরিং চালু এবং শিক্ষকদের উচ্চ হারে বেতন প্রদান। এর জন্য প্রয়োজনে ১২ টাকা বেতন পরিবর্তন করে ৩০০-৪০০ টাকা করা হোক। এতেও না হলে বাকি অর্থ শিক্ষা মন্ত্রনালয়ের বাজেট থেকে নেয়া হোক। উপযুক্ত শিক্ষা ও শিক্ষার পরিবেশ পেলে এত গুণ বেতন বৃদ্ধির দাবিতে আমরা আন্দোলনে যাব না এটা নিশ্চিত। বরং আমাদের কোচিং ও প্রাইভেট বাবদ এত টাকা বাঁচবে এই খুশিতেই আমরা সন্তুষ্ট থাকব। আশা করছি এখন থেকে সরাসরি কোচিং প্রাইভেট বন্ধ করার কথা বলার আগে আমরা একটু গভীরভাবে চিন্তা করব। শিক্ষক ছাত্র সবাইকে বিবেচনা করে চিন্তা করব।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



