শাফিক আফতাব----------
পবিত্র একটি শব্দের জন্য সেই কতকাল অপেক্ষায় আছি
পবিত্র একটি সম্ভাষণের জন্য বসে আছি
পবিত্র একটি চুম্বনের জন্য আছি।
বলেছিলে, অপেক্ষা করো,..........
অপেক্ষার প্রতিটি বর্ণ বুকে আকঁড়ে ধরে সেই থেকে
প্রার্থনার মতোন তোমাকে ধ্যান করেছি
সদ্য বর্ষার জলে মতোন স্বচ্ছতা নিয়ে গর্তে লুকোনো মাছ ;
রাত্রিদিন কাবার করেছি নতুন জলের গন্ধে,
আজ কাছে এলে, দেখি ; সময়ের সংঘাতে দুষ্ট নখের আচঁড়
তোমার ব্যবহার্য শব্দে বাংলা মদের গন্ধ
তোমার অন্তর্গত সৌন্দর্য কাঠামো ভেদ করে উপচে পড়েছে বর্ষার দুকূল প্লাবিত নদীর মতো
তোমার চঞ্চুতে ব্যবহৃত স্যান্ডেলের ঘষা
তোমার চোখের তারায় শিক্ষতার অভিজ্ঞতার সনদপত্র।
তুমি আজ ঘ্রাত ফুলের পাঁপড়ি
ব্যবহৃত হুঁকোর সোনালী জল
তুমি ব্যবহৃত বিছানার সফেদ চাদর
তোমাকে স্পর্শে আর কোনো কামনা কিংবা আবেগের জল ঝরে না
আমার ভরপুর মেঘের শরীর থেকে।
নিসর্গ : ঢাকা
১৪.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


