.শাফিক আফতাব----------------
হেসে হেসে কথা বলি বলে আমার কোনো দুঃখ নেই ?
সবার সাথে সঙ্গত আচরণ করি বলে কারো কথায় মাইন্ড করিনা ?
সবার সাথে মিশি বলে আমার কোনো ক্ষোভ নেই ?
এমন মনে করার কোনো কারণ নেই।
আমারও দুঃখ আছে
আমারও ক্ষোভ আছে
আমারও অহঙ্কার আছে
আমিও রমণী দেখলে উত্তেজিত হই
ভালোবাসার কাছে প্রশমিত হই ।
তবে কেনো তোমরা আমাকে আলাদা জগতের জীব ভাবো
তবে কেনো তোমরা আমাকে সঙ্গ দিতে চাও না
তবে কেনো তোমরা আমাকে ভালোবাসতে চাও না।
ভালোবাসার জন্য আমি পৃথিবীর জন্মলগ্ন থেকে আজন্ম অপেক্ষায় আছি,
ভেরেণ্ডালতার গন্ধ মেখে কোনো রমণী কাছে এসে ঋদ্ধ করবে আমাকে,
সেই অপেক্ষায় আছি।
কোনো রমণী নদীতীরে কাশবনের আড়ালে পৃথিবীর আদিম ভাষায় বোঝাবে
আমাকে তার জীবনের সূত্রাবলী, সেই অপেক্ষায় আছি ।
তবু কেউ আসেনা।
কেউ ভালোবাসে না ।
আমি হেসে হেসে কথা বলি বলে আমার কোনো দুঃখ নেই ?
আমি সবার সাথে মিশে থাকি বলে আমার কোনো অহংকার নেই ?
আমি কোনো রমণীর দিকে দেখিনা বলে আমার কোনো ভালোবাসা নেই ?
আমারও ভালোবাসা আছে, আমিও ভালোবাসতে চাই ............
২৮.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



