শাফিক আফতাব--------------
কতটুকুই বা ভুল ছিলো আমার
শুধু একজন নারীকে মন দিয়েছিলাম, মন নিয়েছিলাম
বর্ষার জলে ভিজেছিলাম, শিশিরের স্পর্শে হৃদয়ের মোহন আবেগে
তার কাছে রেখেছিলাম আমার প্রেম, ভালোবাসার অবুঝ শব্দসকল।
কতটুকু ভুল ছিলো,
প্রেমের জন্য সাতসমুদ্র তেরনদী পেরিয়ে নির্জন দ্বীপের কন্যার গলে পরিয়েছিলাম মালা
ভালোবাসার একটিমাত্র রাত্রির জন্য পাগল ছিলাম আমি
একটি মেয়ের জন্য পাগল ছিলাম।
অনাথ এই আমি কারো ভালোবাসা পাইনি বলে বড় বুভুক্ষূ ছিলো এই তামার হৃদয়
কারো কোলে মাথা রেখে ঘুমোতে পারিনি বলে বড় খাক ছিলো আমার বিরাণ প্রান্তর
কেউ একটি গোলাপ দেয়নি বলে বড় তৃষিত ছিলো আমার নির্জন হাত
কেউ কাছে আসেনি বলে আমি সঙ্গতার জন্য দীর্ঘকারাভোগি কয়েদীর মতোন শূন্যতায় ছিলাম
আমার কতটুকু ভুল ছিলো ? শুধু একজন নারীকে মন দিয়েছিলাম
তার নরম জলের দীঘিতে সাঁতার কেটেছিলাম। তাতেই এই পরাজয় ?
০২.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



