একটু গুছিয়ে নিই, দেখিও, কত ভালোবাসি__
ভেবোনা, আগামী বসন্তে তোমাকে চারটি গোলাপ দেবো, সমুদ্র সৈকতে নিয়ে যাবো বেড়াতে
কিংবা মালদ্বীপে হানিমুনে যাবো__শুধু একটু গুছিয়ে নিই
দেখবে, কত করে ভালোবাসি তোমাকে !
তোমাকে দেখাবো নায়াগ্রা প্রপাত কিংবা সানফ্রানসিসকো না হয় ভলগার তীর__
আকাশের তারাদের জোনাকী বানিয়ে তোমার হাতের মুঠোয় দেবো__
তোমাকে কত করে ভালোবাসবো, দেখিও__শুধু বেকারত্বের অভিশাপ মোচন হোক।
তোমাকে সময় দেবো আদি-অন্তহীন__ পুলকিত উর্বর সময়,
বর্ষার রাতে তোমার বুকে উড়াবো নীল ফড়িং__আর ফড়িং উড়ে গেলে পড়ে থাকে যে
তুলতুলে নরম মাছ__মাছের মসৃণ শরীর থেকে বেরুয় উষ্ণ পুলক__তা তোমাকে দেখাবো__
ভালোবাসার পরিপুষ্ট শব্দে তোমাকে সংবর্ধনা দেবো আমি, ভেবোনা ;
ভালোবাসায় তোমাকে ঋদ্ধ করবো__শুধু দুকাঠা জমি কিনে নিই শহরতলিতে।
তোমার জন্য রাজধানীর সেরা শাড়ি বিতানগুলো লীজ নেবো।
বছরের প্রতিটি দিন তুমি একটি একটি করে শাড়ি পড়বে__ব্লাউজ বদলাবে ঘণ্টায় ঘণ্টায়__
অন্তর্বাস অগণন।
তোমাকে উপহার দেবার জন্য শাহবাগের পুস্পালয়গুলি কিনো নেবো__
কিংবা নিজেই করবো ফুলের চাষ__না হয় হবো এক মালাকর
ভেবোনা, প্রিয়তমা, তোমাকে কত গভীর করে ভালোবাসবো, দেখিও__
শুধু পৈত্রিকসম্পত্তিটির মামলার রায়টা পাই।
তোমাকে নিয়ে প্রতিদিন ঘুরতে বেরুবো__কাছেই ব্রক্ষ্মপুত্রের তীর__নয়তো ঘাঘটের ঘাট ;
হেমন্তের কাঁচা ধানক্ষেতের আল ধরে__হাতে হাত রেখে হাঁটবো আমরা
চোখে চোখ রেখে আগামী রজনীর মিলনের সংকেত বুঝাবো। ভেবোনা, তোমাকে কত করে
ভালোবাসবো আমি, তুমি দেখিও_ পৃথিবীর কোনো পুরুষ যে ভালোবাসা বাসতে পারেনি কোনো
নারীকে__সে ভালোবাসা তোমাকে বাসবে আমি।
শুধু আমাকে একটু গুছিয়ে নেবার সময় দাও__দেখবে তোমাকে কত করে ভালোবাসি !
হায়রে মানব জন্ম ! এক জীবনে কিছুই গুছানো হলোনা__
প্রিয়তমাকে ভালোবাসাও হলোনা আমার !!
২৯.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




