ফুল্লরা-মন দাও
ফুল্লরা-মন দাও আমাকে তুমি__কেনো অধূনা ডাইনীর মতোন
খটখট হিলের শব্দে রাজপথ কাঁপাও__
পাশ্চাত্য পোশাকে অর্ধাবৃত হয়ে কেনো সংক্ষিপ্ত ভালোবাসা দাও ?
কচুপাতা শাড়ি পড়ো__সাথে পড়ো আমপাতারঙ ব্লাউজ
চটি খড়মের শব্দেই খটখট করে এসো__তোমাকে অন্তত বেগানা দেখাবেনা।
'অধিকার, অধিকার' বলে প্রকম্পিত করো রাজপথ
অথচ স্বভাবে পাশ্চাত্য অনুকৃতি তোমার__
অথচ আমাদের আবহমানতার ফুল্লরা নেই তোমার ভিতর
ভালোবাসা আর অধিকার কী করে পাবে তুমি ?
কদমফুলের স্পর্শে মধ্যবর্ষার জলে ভিজে এসো ফুল্লরা
কিংবদন্তির কিন্নরী হয়ে এসো__তোমাকে ভালোবাসা, অধিকার দেবো__সব দেবো
শহর-গ্রামের যেটুকু সঞ্চয় আমার, তোমার নামে লিখে দেবো__
শুধু বাংলার আবহমান রূপ দাও আমাকে, ভিতরে প্রতিবিম্বিত হও__প্রকাশিত হও..........
০২.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




