হাওয়ামানবী
শাফিক আফাতব..............
খালি খালি লাগে___মনে হয় কে যেন আসার কথা ছিলো
কী যেন দেবার কথা ছিলো কার
কে যেন পাশে বসার কথা ছিলো__কাকে কী যেন বলার ছিলো আমার।
মনে হয়__এই তো আসিলো সে__ভালোবাসিলো বুঝি
এই তো আমি তারে পেয়েছি খুঁজি
এই দুপুরের ঝরঝরে রোদে স্পষ্ট হয়ে উঠলো সে
এই তো আমি তারে টেনেছি কাছে ___ভালোবেসে।
উন্মনা বসে থাকি অক্টোবরের দুপুরে__ক্যাম্পাসে লকলকে ঘাসগুলি সজিব হয়ে আসে
বৃক্ষের ছায়ায় আসে গাঢ় অনুভূতি কাকে যেন পাবার
এই পথে একদিন কে যেন দিয়েছিলো একটি গোলাপ__চোখ টিপে সংকেত দিয়েছিলো প্রেমের
তার বুকে দুটি মাছরাঙা নেচেছিলো।
শূন্য শূন্য লাগে
মুহূর্তেই পূর্ণ হই তার স্মৃতির অবগাহনে
কে সে ছলনার ছায়া আমার__কে সে ভালোবাসার রহস্যমানবী
তারে ধরতেই সে পিছলে যায় হাতের মুঠো থেকে
এই অক্টোবরে আমি এখন ভালোবাসি কারে।
১০.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




