এলিশ মুনরোকে অভিবাদন
শাফিক আফতাব.........
তার নদীতীর কাশফুল চুল, মুক্তার দানার মতোন কানের দুল__
মুখ তার সফেদ আলোর প্রভাস__ যেন অবিকল শরত-প্রভাত
মনে হয় অবিকল ভাস্কর্য__যেন শিশুর খেলার পুতুল :
এক সুন্দর শুভ্র মানবী তুমি__এলিস মুনরো, দেখো কতটুকু তফাত
কানাডার সাথে বাংলার ? তবু তোমাকে মনে হয় দাদি মা আমার ;
আপন ঘরের মানুষ তুমি__জীবনকে অঙ্কিন করো অবিকল অনুরূপ__
তোমার জন্মস্থান প্রত্যন্ত অঞ্চল হয়ে ওঠে বিশ্বের কিংবা বাংলার :
আমরা ঘ্রাণ পাই, সুবাসিত হই__জ্বেলেছো জীবনের ব্যঞ্জিত ধূপ।
আট দশ দুই __এর স্থানে প্রতিস্থাপিত করেছো দুই দশ আট আটাশ ;
চির তরুণীর মতোন মনন আর বোধ মনে হয় তোমার চোখের তারায়__
জীবনের, প্রেমের দুঃখগাঁথা, প্রেম, দৈন্য আর যত আছে ব্যর্থ-হতাশ :
সব তুমি শিল্পে, চেতনায়__ বোধে, গেঁথে দিয়েছো অনুপম নিপুণতায়।
সাত সমুদ্র আর তের নদীর ওপারে বসে তোমাকে জানাই অভিবাদন ;
তোমার সাথে কথা বলতে এবার পাঠাবো কিন্তু বাংলার বসন্ত পবন।
১২.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




