একটা পথ বের করা দরকার,
খেয়ে পড়ে বাঁচার পথ
যদিও এদেশে পথের অন্ত নেই
বিকল্প কত কত পথ,
অথচ আমি দুবেলা দুমুঠো সাদাভাতের জন্য হন্য হয়ে ঘুরি শহরের পথ
অথচ আমি সুন্দরের একবাটি সবজির জন্য হাতুড়ি করেছি আমার হাত
অথচ আমি অস্তিত্ত্বের একটু স্থিতির জন্য সমস্ত জীবন সঞ্চয় করে গেলাম
আধুলিগুলি
কতশত পথ মিশেছে এই শহরে, গ্রামে
জীবিকার কত কাজ কলে কারখানায়, অফিস আদালতে
অথচ কাজ নেই, কর্ম নেই,
ধর্ম আছে, মানুষ তার মর্ম বোঝে না
সুন্দরের পথের জন্য অপেক্ষার স্টেশনে প্রহর গুনি
তুমি তবু আসোনা নন্দন ট্রেনে
তবু অপেক্ষায় থাকি সুন্দর তুমি আসবে না জেনে।
০৯.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



