ব্যক্তিগত দুঃখগুলো কোনোমতেই আলোবাতাসে শুকোতে দেই না
পর্দানশীল মহিলার মতোন অন্তপুরে বন্দি রাখি
অন্তর্গত কষ্টের ঘাতগুলো কাউকে দেখাই না
নিজের অনলে জ্বলে জ্বলে সাড়া হই, কাউকে না ডাকি
তুমি করুণা করতে চেয়েছিলে, অনুদান দিতে চেয়েছিলে
ভালোবাসার ভারে মুগ্ধ করতে চেয়েছিলে
আমি জানতাম ওটা তোমার বদন্যতা
ইচ্ছে করেই তোমার অভিবাদন পায়ে দলেছি।
এই শহরে আমি অভিবাসী
উন্মুলিত মানুষের অনিকেত অনুভবে চলি অলিগলি
ব্যক্তিগত কষ্টের পদাবলি
তবু লুকিয়ে রাখি যক্ষের ধনের মতোন।
পৃথিবীর আলোবাতাসে আর মেলি না আমার অন্তর্গত সুন্দর
প্রিয় দুঃখগুলো এক্সক্লুসিভ এলাকায় লুকিয়ে রাখি, পরাণের ভেতর।
১১.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



