জীবন এসো তোমাকে যাপন করি
এসো তোমাকে ভোগ করি।
এসো হাসি মুখে কথা বলি, আনন্দ করি, রসমঞ্জুরী খাই
পার্কে যাই, কর্ক খুলে সুরা পান করি।
জীবন এসো রমণ করি, ছবি আঁকি
নগ্নমানুষের ছবি, কঙ্কালসার হাভাতে মানুষের ছবি,
জীবন এসো প্রেম করি, ভালোবাসি
ভাবনাহীন সময়ের কাছে নিজেরে সমর্পণ করি।
জীবন তুমি এতো নিষ্ঠুর কেনো
আমাকে করুণা করো না
আমি অবুঝ শিশুর মতোন বাবার গলা ধরে সূর্যোদয় দেখতে চাই
পাহাড়ের চূড়া দেখতে চাই,
মেঘবৃষ্টির রিমঝিম গান শুনতে চাই
তুমি দূরে দূরে থাকো, তোমা বিহনে আমি কাতর পড়ে থাকি।
১৫.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



