পুষ্পকলিকার মতোন ফুটতে চাই
বৃষ্টিধৌত প্রভাতের স্বচ্ছতা নিয়ে মেলতে চাই পাখা
শুভ্রতার ব্যঞ্জনা নিয়ে বাক্যের বিনুনি গড়তে চাই।
ভালোবাসার শিশিরে মিটমিট করতে চাই ঘাসের শাখা,
সুন্দরের গানে, সৌন্দর্যের দৃশ্যপটে, হৃদ্যতার সুবাসে একাকার
করতে চাই তোমাকে।
বাঁচতে চাই সুন্দরের শব্দমালায়,
সত্যের স্বচ্ছতা নিয়ে, অরণ্যনির্জনতার কিছু স্নিগ্ধতার ভীড়ে,
শুদ্ধতার নীড়ে, নির্বিশেষে ভালোবেসে ফোটাতে চাই পাথরে ফুল
প্রপাতের মতোন খুলে দিতে চাই হৃদ্যতা।
দ্বিধা-দ্বন্দ্ব, দৈন্য-দশা, আর সকল বন্যতা ভুলে
তোমার হাতে তুলে দিতে চাই মানবতা ফুল, উৎসমূল হতে
ঝরঝর ঝরতে চাই, মানবিক বৃষ্টিতে প্লাবিত করতে চাই দেশ
জীবনের যত ঋণ, রেশ ; নির্বিশেষে নিঃশেষে ফুলের মতোন ফুটতে
চাই, জন্মদিনে মাতৃক্রোড়ের পবিত্রতা নিয়ে মুখ মেলতে চাই, শিশিরভেজা
নরমরোদের ভোরে, সূর্যের প্রভায়....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



