এতগুলো কষ্ট কাধে নিয়ে তুমি কী করে পথ চলো,
ঘুমাও, কষ্টের ভারে ভুলে গেছে ভালোবাসার বসন্তদিন
কোনো এক রমণী তোমারে ভালোবেসে করেছিলো রঙিন
তাকে মনে নেই আর ; নদীর জলেরা ছিলো কেমন ছলোছলো।
তুমিও কাঁপাতে ক্যাম্পাস, তোমারে ছিলো ভালোবাসার ঘর
তুমিও শ্লোগানে মুখরিত করতে রাজপথ, কেমন রৌদ্রদগ্ধদিন,
কত আনন্দ আর পুলক জমা ছিলো তোমার হৃদয়ের ভেতর
নির্জন ঝর্ণার জল দেখে তুমি উল্লাসে বাজাতে অন্তগর্ত বীণ।
এখন কেমন তুমি, বৃক্ষের কোটরে যেন ধরেছে ঘুণ
তোমার দিকে আজ তাকানো ভার, তুমি কেমন উম্মাদ
তোমার প্রেম ভালোবাসা যেন হয়ে গেছে সমস্তটাই নুন
তোমার জীবন এখন রুক্ষ, কর্কশ, এতটুকু নেই আনন্দ প্রমাদ।
কষ্টের ভার নিয়ে পথ চলো, অথচ কেমন উচ্ছল মানুষ ছিলে
তুমি, অন্তগর্ত বেদনায় পুড়ে যায় তোমার মনভূমি বহ্নিসলিলে।
১৭.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




