এই শহরে, এত অসংখ্য মানুষের ভীড়ে আমি
নির্জন দ্বীপের জীবন যাপন করি __
কেউ কাছে এলে তাড়িয়ে দেই, বাড়িয়ে দেয়া হাত গুটিয়ে রাখি
আস্তিনে ভেতর।
সিটিবাসে পাশের সিটের সঙ্গীর মতোন খণ্ড খণ্ড হদ্যতা নিয়ে আমি আজ
বাস করি এই শহরে,
অথচ এক সময় কোলাহল বাসতাম
আড্ডার মদির ব্যঞ্জনায় খঞ্জনার নৃত্যে চিত্ত আমার কত বিগলিত হতো
একদা আমিও ভালোবাসতাম নারীর দেহ
প্রত্যেহ দিঘির জলে স্নানের মতোন ভালোবাসার সুবাসে আমার রাত্রি হতো ভোর
এখন নারীদের নদীর মতোন মনে হয়
এখন প্রেমকে মদ্যপানের মতোন মনে হয়
এখন মানুষের আড্ডাকে গাঁজাখুরি গল্পের মতোন মনে হয়।
এই শহর কত অসংখ্য মানুষ
অথচ সব পুতুলমানুষ, মানুষের মুখে সব মুখোশ, সব ভাস্কর্য, নকল নকল মানুষ...
১৭.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




