সময় গড়িয়ে গেছে, ভালোবেসে ঝিনুকের গহীন থেকে তুলেছি
স্বর্গীয় প্রেমের সুধা, মদির রাত্রি ঘিরে আনন্দের তবলায় তুলেছি
সুর, ঝুরঝুর অন্ধকারে নিজেরে করেছি সমর্পণ। ভুলেছি __
আমার উৎসাধারা, আমার পূর্বপুরুষের ক্রম,শুধু ভালোবেসেছি।
সময় গড়িয়ে যায়, পাঁজরে, গিঁটে, হাড়ের ভেতর, কঙ্কালের কোণে
জমে বিষাদের রস, ভালোবাসা তেতো হয়, স্বপ্নরা থিতু হয় __
নারীর দেহের কাছে তবু সকল সুখের কণাগুলো ঝুরঝুর ঝরে রমণে
মানুষ তবু রেখে যায় প্রাণের কণা, যদিও একদিন অনন্তে হারায়।
সময় গড়ায়, মানুষ গড়িয়ে যায় পাহাড়ের ঢালুতে পাথরের মতোন
কোন উৎসলোকের থেকে তার যাত্রা, সে জানে না কিছু, এই মধুর কথন
সে কোথা হতে কীভাবে পেলো তাও জানেনা, তবু সে বলে যায়
ভালোবাসার মধুর অমীয় বাণী, তবু পাগল সবটা সময় ভালোবাসায়।
কী এক যাদুর ছোঁয়ায় সে ছুঁয়ে যায় নারীর দেহের সুবাসের ঢল
সে যেন মেঘবতী আকাশের থেকে পড়া একফোঁটা অনন্তের জল।
২৩.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




