আর ক'টা দিন, এইতো দেনাটা শোধ হোক, বেশি না
বড়জোর ছ'মাস, তোমাকে খুব করে ভালোবাসবো।
তোমাকে দেবো সদ্যফোটা গোলাপের ঘ্রাণ, পরিশুদ্ধ প্রাণ।
অপেক্ষা করো। দেখবো ধরার ধূলোতে দেবো স্বর্গীয় প্রেম।
আর বেশি না, পৈত্রিক সম্পত্তির মামলার রায়টা এ মাসে হবে
তারপর থেকে জব্বর ফ্রি, তোমাকে দেবো আদিঅন্তহীন প্রচুর সময়
সময়ের পেয়ালায় ভালোবাসা ভরিয়ে দেবো, তোমার বেশ
পুষিয়ে যাবে। দেখবো অপেক্ষার দহনে পোড়া হৃদয়স্নাত
ভালোবাসা পেয়ে কেম সজীব হয়ে ওঠো তুমি। আর বেশি না
শহরতলির প্লটটা বুঝিয়ে পাবো সামনের বছর। অপেক্ষা করো
নতুন ফ্লাটের নাগরিক গন্ধে তোমাকে মৃদমন্দ বাতাস দেবো।
বৈশাখের খা খা বৃক্ষশাখায় দেখবে পত্রপল্লবে কেমন কোমলতা।
অপেক্ষার শেষ নেই, ভালোবাসারও শেষ নেই
সমস্তজীবন তাই ভালোবাসার অপেক্ষায় কেটে গেলো ।
০২.১১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




