সুখের জন্যই দুঃখকে পেতে হয়
আলো আঁধারের যেমন অনিবার্য টান
দেহ আর আত্মা যেমন সমান সমান
বিরহ আর প্রেমের মধ্যে কত অন্বয়।
তোমাকে ভালোবেসেই জেনেছি শান্তির দ্বীপে পৃথিবী কত সুন্দর
তোমাকে ভালোবেসেই জেনেছি বিরহের দহনে মানুষ কীভাবে পুড়ে যায়
তোমাকে ভালোবেসেই ভরেছিলো আমার বিস্তীর্ণ হৃদয়ের কান্দর
তোমাকে ভালোবেসে আবার পুড়ছি সীমাহীন শূন্যতায়।
আলোর ওপিঠে থাকে অন্ধকার
শান্তির ওপিঠে থাকে যন্ত্রণার বিরহকাঁটা
প্রেমের পথ চিরকালই বন্ধুরতায় হাঁটা
দহনে পুড়েই ভস্ম হয় হৃদয়ের ভার।
তুমি আমার শান্তির শিশির
আবার বহ্নিবানে ঝলসানো নীড়।
১২.০১.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


