এখন কত অবসর আমার ; তোমাকে ভালোবাসার ;
অথচ ভালোবাসারা ধর্মঘট ডেকেছো ; অনির্দিষ্ট কালের
অথচ তুমি নিজেই ভুল বুঝে ঝড় তুলেছো ; বৈশাখের
শূন্য পড়ে থাকি, নিঃসঙ্গ বিহঙ্গ এক__ বিরান খামার !
তবু শিশুপাতার মতোন অঙ্কুরিত হই__ডাল মেলে খাই সকালের নরম রোদ
যদি তুমি তুলে নাও তোমার অবরোধ
সেই আশায় বুকে ভালোবাসার ভার নিয়ে তোমার অপেক্ষায় থাকি
যদি আসো সোনাপাখি।
দিন যায়__প্রতিদিন ভালোবাসার বয়স বাড়ে
প্রতিদিন নিঃসঙ্গতার থমথমে রাত্রির ব্যঞ্জনায় আমি বড় একা হয়ে যাই
কোন যেন অজানা অনন্তে হারাই
বুক ভরে তবু ভালোবাসা আসে স্বর্গের বিনাতারে।
এখন কত অবসর আমার__অথচ তোমার এখন ব্যস্ত সময়
সংলাপহীন অকাল মুত্যুর মুুখোমুখি আমাদের অমর প্রণয়।
২১.০২.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



