অপেক্ষা
কতদিন সবুজ প্রকৃতির নির্মল বাতাসে নিজেকে মেলে ধরিনা। এই ব্যস্ত আর কোলাহলপূর্ণ শহরের দ্রুতলয়ের জীবনসঙ্গীতে তাল মেলাতে নিজেই কেমন যেন বেসুরো হয়ে গেলাম। কতকিছুই হারিয়ে গেল ছোট্ট এই জীবন থেকে। ছোট ছোট সুখের প্রহরগুলো হাত গলে বেরিয়ে গেল অনাবশ্যকভাবে। শহরের অগুণিত মানুষের ভীড়ে হারিয়ে গেল নিজের ক্ষুদ্রতম চাওয়াগুলো। কত আনন্দধারা ফাঁকি দিয়ে বয়ে গেল অজানা সব মোহনায়। যা হারিয়ে যায় তা আর কখনোই একান্ত নিজের করে পাওয়া যায়না। সেইসব না পাওয়া কষ্টগুলো অনেক সময় মাথা চাড়া দিয়ে ওঠে। প্রবল অভিমানে এলোমেলো করে দিয়ে যায় হৃৎপিন্ডের সরল জমিন। তখন একাকিত্ব পেয়ে বসে। বিষণ্নতা ঘিরে ধরে মনের অজান্তেই। অথচ এই বিষণ্নতাটুকু বাদ দিলে কোন মানুষই একা নয়। আমিও হয়তো একা নই।
এই জীবনে অজস্র মানুষের সাথে কথা হলো। অনেকের সাথেই হলো মনের আদান প্রদান। মনের বাঁধন, মনের ভাঙ্গন, মনের হরষ, মনের বিষাদ, মনের মেলামেশা- কতোইতো হলো কতবার, কতজনের সাথে। আজ কোথায় যেন হারিয়ে গেল তারা। হৃদয়ের সম্পর্ক থিতু হতে না হতেই এক এক করে অনেকেই বেছে নিল যার যার পথ। আমি শুধু লক্ষ্যহীন কোন গন্তব্যে একা- শুধুই একা। নির্বিকার চিত্তে দাড়িঁয়ে দেখে গেলাম সকলের আগমন, প্রস্থান। কত প্রিয়জন, কত প্রিয় মানুষ, কত প্রিয় বন্ধু-স্বজন, হাসি মুখে এলো আর চোখের জলে বিদায় নিল এই জীবন থেকে। শুধু চেয়ে চেয়ে দেখে গেলাম আর ভাবলাম একদিন আমাকেও যেতে হবে। জীবন ধারাপাতে এসবের কোন হিসেব লেখা নেই। হিসেব রাখতে মন চায়নি কখনো। প্রিয়জনের বিদায়বেলায়, এইসব অঘোষিত চলে যাওয়ায়, কতবারইতো ভেঙ্গে গেল বুকের নরম পাঁজর, কতবারইতো বিচ্ছেদের নোনা জলে সিক্ত হলো হৃদয়ের দুকূল- কে তার হিসেব রাখে? আমিও একদিন এই হিসেবের বাইরে চলে যাবো। এখন শুধুই অপেক্ষার পালা।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




