হারিয়ে যাবার গান
============
হারিয়ে যাচ্ছি আমি সময়ের স্রোতে
হারিয়ে গেছে শৈশব কৈশোর,
হারিয়ে যাচ্ছে কত গোপন ভালবাসা
প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে সব।
হারিয়ে গেছে আমার স্লেট পেনসিল
হারিয়ে গেছে আমার চক,
বই খাতা কলমও হারাতে বসেছে
হারিয়ে গেছে টিচারের বক বক।
হারিয়ে গেছে আমার কত কত গান
হারিয়ে ফেলেছি কত সুর,
হারিয়ে যাচ্ছে অনেক গল্প ও কবিতা
হারিয়ে গেছে রোদজ্বলা দুপুর।
হারিয়ে গেছে কত একান্ত স্বজন
হারিয়ে ফেলেছি চেনা মুখ,
বন্ধু বান্ধবরাও সব হারিয়ে যাচ্ছে
যেন হারিয়ে যাবার মাঝেই সুখ।
হারিয়ে গেছে আমার কত কত কথা
আজ হারিয়ে ফেলছি নিজেকে,
হারিয়ে যাচ্ছি আমিই তোমার মাঝে
তবু হারাতে চাইনা তোমাকে।
এমনি করেই এই হারিয়ে যাবার স্রোতে
না হারানোর কত্ত অভিনয়,
হারিয়ে যেতেই হবে সবাইকে একদিন
তাই হারানোর করো নাকো ভয়।
।।অমি।।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


