সতর্ক পাহারা,
শহর জুড়ে কার্ফিউ-
এরই মাঝে, মাঝরাতের একটা গোপন তথ্য ফাঁস করি এই ভরদুপুরে!
শোনো ;
কাল রাতে কি যেনো একটা গানের সাথে
তোমাকে মনে পড়লো। পুরোনো সে গান, সে সময়ের
যে সময়ে মাথায় ছিলো ছাতা তারও উপরে বৃষ্টির ধারা।
আর আমরা গুনগুনিয়ে গাইছিলাম নদী শীতলক্ষার পাড়ে।
হঠাৎ তন্দ্রাভঙ্গ;
রাস্তার মোড়ের কুকুর গুলো বিকট শব্দে-
পাড়া কাঁপালো। ওরা খবর পেয়েছে
চোরের মতো তুমি এসেছো আমার তন্দ্রার মাঝে-
মাঝরাতে।
তারপরে; সকালে উঠে-
কবিগুরুর বাঁশি কবিতায় দৃষ্টিপাত,
সেখানে লেখা, ঘরেতে এল না সে তো, মনে তার নিত্য আসা-যাওয়া।
ক্ষমা চাই কবি, তোমার হরিপদ কেরানীর যে কথা ;
আমারও যে সে একই কথা।
তাই কবি বিনীত নিবেদন;
চুরির দায় থেকে মুক্তি দিও আমায়।
(০৫ জানুয়ারি ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


