এই কবিতাটি তাদেরই জন্য-
যাদের এমন বিকেল ভালো লাগে না।
কেননা-
এমন বিকেলে নেফারতিতি একবার হেসেছিলো-
গজো দাঁতে, সেদিন টোল পড়েছিলো
গালে, আর বলেছিলো-
বাউন্ডুলে ছেলে এবার নিভে যাও
আকাশে আর আলো ছড়াবে না চাঁদ,
অন্ধকার বুকে নিয়ে ঘুমিয়ে পড়ো।
কবিতাটি তাদের জন্য-
যাদের জীবনের পুরোনো গল্প
আবার নতুন রুপে শুরু হয় না,
কিন্তু শেষও হলো না আজো।
যারা স্লোগানে স্লোগানে মিছিলে মিশে যায়
আর চোখ করে ছলছল প্রেমিক অথবা প্রেমিকার
মুখ ভেবে। এমন কবিতা তারা লিখে নিক তাদের নামে।
আমরা জানি, এমন বিষন্ন বিকেলের শেষে
আলো নিভে যায় আর সবাই ছোটে নির্দিষ্ট গন্তব্যে।
অথচ, শহরের সোডিয়াম আলোর নিচে
গুমোট নিরবতা উপভোগ করে গন্তব্যহীন যারা
হিসেব কষে চাওয়া পাওয়ার প্রতিটি মুহুর্ত,
এই কবিতাটি তাদেরই হোক।
(১৯ সেপ্টেম্বর ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



