কার যেনো মৃত্যুর ঠিক পূর্বে একটা ঘরে আমার ডাক পড়েছিলো।
আবছা মনে পড়ে, সবার অপেক্ষা ছিলো সেদিন-
কখন আসবো আমি। ওদের মতো আমারও অপেক্ষা ছিলো
বহুকাল, এমন একটি ডাক পাবার। অবশেষে অপেক্ষার মজলিশ ভেদ করে
যখন এগিয়ে যাচ্ছিলাম সে ঘরের দিকে পরনে ছিলো
ধবধবে সাদা পায়জামা-পাঞ্জাবি আর মুখভর্তি শেকড়-বাকড়ে আমি
অদ্ভুত দ্যুতি ছড়াচ্ছিলাম সেদিন, চারপাশে। আবছা মনে পড়ে-
জটলা থেকে সরে গিয়ে সরু গলি তৈরি করেছিলো সকলে আর ফিসফিসিয়ে বলছিলো-
ওই যে, এসেছে এসেছে। কি যেনো দেখছিলো সবাই অদ্ভুত অপলোক চোখে
যেনো এমন পবিত্র দেহ
দেহের পোশাক
শরীরের উত্তাপ
কেউ কখনো দেখেনি অনুভব করেনি, এর আগে। অথচ নিরব একাগ্র চিত্তে আমি
শুধু এগিয়ে যাচ্ছিলাম। সন্ধ্যা নামে নামে এমন সময়ে ঘরটা
আবছা অন্ধাকরে ঘেরা ছিলো। তারপরে-
যখন পৌছে যাই তার কাছে মাথায হাত বুলাই আর মুখটা বাড়িয়ে দিয়ে বলি-
“ভালো থেকো”। ঠিক ততক্ষণ ঘরটায় যে আলো ছড়ায় একে সবাই আলেয়া বলেছিলো
কিছুকাল। সেদিকে এখন আর মন নেই আমার শুধু মনে পড়ে-
যখন কপালে চুমু খেয়ে চলে আসি, ঘরটা তারপর থেকে
অন্ধকার ঘোর অন্ধকার। স্বপ্ন ভাঙে.....
(০২ অক্টোবর ২০১৫, ইস্কাটন)
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




