আমি নিজেকে ভিষণ ভাগ্যবান মনে করি এই জন্য যে,
আমার জন্ম হয়নি- প্রথম অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
মুসোলিনি বা হিটলার কে স্বচোক্ষে দেখার দুর্ভাগ্য হয়নি বলেও
বলা যায় আমি একজন চরম সৌভাগ্যবান মানুষ।
আমি নিজেকে এ জন্য ভাগ্যবান মনে করি-
হিরোশিমা-নাগাসাকি শুধু বইতে পড়েছি, নিজ চোখে দেখা লাগেনি কখনো।
ভাগ্য ভালো না হয়েও উপায় নেই আমার, কেননা-
আমাকে আরো দেখতে হয়নি ইয়াহিয়ার জল্লাদ মুখ,
হাঁটতে হয়নি ছোঁপ ছোঁপ রক্তের উপর উনিশ সাত একের
সে দিনগুলোতে। অথবা তারও কিছুকাল পরের সে সময়গুলোর জন্য
নিজেকে ভাগ্যবান ভাবতেই হবে-
যখন জন্মালে হয়তো দেখতে হতো-
সিরাজ সিকদার, মতিউল-কাদের অথবা সেই দরাজ গলার মানুষটাকে,
যিনি এক ডাকে অথবা এক আঙুলে এক করেছিলেন গোটা দেশ;
তাদের প্রত্যেকের খুন হয়ে নিথর পড়ে থাকার সবচেয়ে জঘন্যতম দৃশ্যগুলো।
ভাগ্য ভালো আমি এসবের কিছুই দেখিনি!
সর্বোত্তম ভাগ্যের অধিকারি হবার আরো একটি কারণ হতে পারে এ জন্য যে,
আমাকে অযথা শুনতে হয়নি স্বৈরাচারের নিকৃষ্ট পদধ্বনী-
লেফ্ট রাইট লেফ্ট রাইট আর 'আমি জেনারেল এরশাদ বলছি',
একই সাথে দেখতে হয়নি দিপালী-কাঞ্চনের মায়েদের অভিমানী মুখগুলো।
আসলেই আমি সৌভাগ্যবান বটে!
উপরের সবগুলো কারনে সত্যিই নিজেকে ভাগ্যবান বলতেই হয়,
আর তা না বলাটা চরম মাত্রার অকৃতজ্ঞতারও শামিল।
কেননা-
আমার ভাগ্য এতোটাই ভালো,
এতোটাই ভালো,
এতোটাই ভালো যে-
আমি জন্মেছিলাম সব অধিকার ফিরে পাবার ঠিক আগ মূহুর্তে।
কিন্তু,
কিন্তু,
কিন্তু-
তারপর কি ঘটে গেলো আর কি ঘটছে,
কি দেখছি, শুনছি অথবা সইছি?
যতোটা ভালো ছিলাম তার চাইতে কি
আমার ভাগ্য এতোই খারাপ, যার কারনে
আজ আমি এই বিশ্ব দেখছি,
এই বাংলা দেখছি?
আমার ভাগ্য ঠিক কতোটা খারাপ....!!?
(০৯ ডিসেম্বর ২০১৫, কারওয়ানবাজার/পল্টন)
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




