আট বছর আগে মাত্র চার মাসের জন্য আমি ভয়ানক অসুস্থ ছিলাম মানসিকভাবে। আজকে শুধু সেইদিনের কথা মনে পড়ছে। নিউরনে নিউরনে ছড়িয়ে যাচ্ছে তখনকার রিয়েলাইজেশনগুলো, সুস্থতার পর এই অসুস্থতাই আমার জীবনে আশীর্বাদ হয়ে আসে- জীবনের খোলনলচের কথা বুঝতে পারি এবং পুরোপুরি ঝুঁকে পড়ি তাসাউউফের দিকে।
অসুস্থ কীভাবে হলাম, কীভাবে সারলাম তা বিষয় নয়। বিষয় হল, সে সময় কেমন ছিলাম আমি? জানা, বিশ্বাস করা এবং একাগ্রচিত্তে উপলব্ধি করার মধ্যে বিস্তর ফারাক।
তখন একাগ্রচিত্তে উপলব্ধি করে ছিলাম, আই অ্যাম গোয়িং টু ডাই ভেরি সুন!
আমার বাবা পরিবেশ পরিবর্তনের জন্য নিয়ে যাচ্ছেন চিড়িয়াখানায়, আমি ভাবছি, আহহা, আব্বুর কতই না কষ্ট হচ্ছে, তাঁকে বাধ্য করা হচ্ছে আমাকে বলি দিতে। তিনি না পেরে আমার গলায় ছুরি চালাবেন একটু পর, বোটানিক্যাল গার্ডেনের কোন একটা কোণায়। শেষ পর্যন্ত এভাবে মারা যাব?
গোসল করতে গেছি, আমি স্পষ্ট দেখছি, ঝর্ণার পানির রঙ হলুদাভ। পানি থেকে ধোঁয়া উঠছে। তীব্র আতঙ্কে বের হয়ে আসি। ওরা আমাকে মেরেই ফেলবে। ট্যাঙ্কে সালফিউরিক এসিড দিয়ে দিয়েছে। আমি নিশ্চিত, আমার এইডস হয়েছিল। আজ অথবা কাল। খুব দ্রুত মারা যাচ্ছি। মেরে ফেলা হবে আমাকে। ঘুমের ভিতরেই। প্রতিদিন জেগে দেখি, হায়হায়, বেঁচে আছি। এবং অপেক্ষা করছি, মারা যাব। আজ অথবা কাল।
ঠিক ফাঁসির আসামীর মত, আর দুদিন কি বেঁচে থাকব? কোন সম্ভাবনা কি আছে? নেই। আর দুদিন কি বেঁচে থাকব? কোন সুযোগ কি আছে? নেই। হয়ত আজই। হয়ত এখনি।
প্রতিদিন প্রতিক্ষণ বাসার বাইরে শব্দ শুনি আর ভাবি, তারা আসছে। তারা আসছে। এখনি নিয়ে যাবে আমাকে।
আমি বিশ্বাস করতাম, আমি উপলব্ধি করতাম, মারা যাচ্ছি। সে কী কষ্ট! সে কী অবর্ণণীয় অকল্পপূর্ব অচিন্তনীয় কষ্ট!
আমি সুস্থ হয়ে শুধু একটা বিষয়ই শিখেছি, মানুষ একবার মাত্র মরে।
দিনে দশবার যে মরে, সে সারা জীবনে অসংখ্যবার মরে। এবং তারপর মরার সময় মরে।
আর মানুষ, প্রকৃত মানুষ, মাত্র একবার মারা যায়।
জয় বাংলা।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



