যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর সম্মান ও মর্যাদা হিমালয়ের সমান। তার নাম ব্যবহার করে অন্যায় ও লুটপাট না করলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। বঙ্গবন্ধু নতুন প্রজন্মের জন্য একটি দেশ রেখে গেছেন। কিন্তু দেশের অসুস্থ রাজনীতির কারণে শিশুরা তাদের প্রাপ্য অধিকার বঞ্চিত হচ্ছে ।
শনিবার বিকেলে রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বঙ্গবন্ধু চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল এই অনুষ্ঠানের আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, “রাজনীতিবিদদের নির্বাচনকেন্দ্রিক রাজনীতি না করে আগামী প্রজন্মকেন্দ্রিক রাজনীতির মাধ্যমে শিশুদের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে।”
তিনি দেশের রাজনীতিতে উদারতার অভাব রয়েছে মন্তব্য করে বলেন, “বিশাল সমুদ্র এলাকা পাবার পর আশা করেছিলাম বিরোধী দলীয় নেত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন। এটি করলে তিনি কোনো কিছু হারাতেন না। আমরা রাজনৈতিক প্রতিপক্ষ, শক্র নই। ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিজয় লাভ করলে বিশাল এলাকা পাবে।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী, গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক মো. নুর হোসেন তালুকদার, আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ার হাসান বাবু প্রমুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



