ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনের মহাসমাবেশে বাধা ও নেতা-কর্মী গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা ২৯ মার্চের হরতাল প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন বিএনপি নেতারা।
রোববার এক কর্মসূচিতে বিএনপির প্রচার সম্পাদক এবং সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, “আমরা হরতাল প্রত্যাহার করতে চাই। তবে এর আগে সরকারকে বলতে হবে, তারা বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধ করবেন, সংসদে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিল আনবেন।”
বিএনপির কয়েকজন নেতা জানান, হিন্দুদের অষ্টমী øান উপলক্ষে ওই সময়ে বেশ কয়েকটি ধর্মীয় অনুষ্ঠান থাকবে। সেজন্য স¤প্রদায়ের পক্ষ থেকে হরতাল প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছে।
তবে হরতাল প্রত্যাহার কিংবা অর্ধদিবস করার বিষয়ে সিদ্ধান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াই নেবেন বলে দলীয় নেতারা জানান।
গত ১২ মার্চ ঢাকার মহাসমাবেশ থেকে হরতালের এই কর্মসূচি দিয়েছিলেন বিরোধীদলীয় নেতা খালেদা।
জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশনেত্রী ফোরাম’ এর উদ্যোগে তারেক রহমানের বিরুদ্ধে ২১ অগাস্ট মামলার বিচার শুরুর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন ফারুক।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে অর্থ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘মিথ্যাচার’ অভিহিত করে তিনি বলেন, “এখন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই সব সংবাদ মিথ্যা ও বানোয়াট। প্রধানমন্ত্রীকে বলব, দয়া করে অসত্য তথ্য দিয়ে দেশের মানুষকে আর বিভ্রান্ত করবেন না।”
এই সংক্রান্ত ‘মিথ্যা’ তথ্য প্রকাশের জন্য মধ্যপ্রাচ্যের দৈনিক খালিজ টাইমসকে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়ে ফারুক বলেন, নইলে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের আশ্রয় নেবে বিএনপি।
বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হলে টিপাইমুখ বাঁধ করতে দেওয়া হবে না- শনিবার সিলেটের জনসভায় প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয়, ভুতের মুখে রাম রাম।
“যিনি ভারতের বুদ্ধি-পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করছেন, তার মুখে টিপাইমুখ বাঁধ বন্ধ করার কথা দেশের মানুষ বিশ্বাস করে না।”
সাংবাদিক দম্পত্তি সাগর-রুনির খুনি গ্রেপ্তার না হওয়া, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারকে দায়ী করেন ফারুক।
মানববন্ধনে ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নির্বাহী কমিটির সদস্য মো. হানিফ, খালেদা ইয়াসমীন, ছাত্রদল নেত্রী নিশিতা প্রমুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



