লন্ডন, ২৫ মার্চ: পাকিস্তানের সামরিক গোয়েন্দা বাহিনী ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই’র সাবেক প্রধান জেনারেল আসাদ দুররানি বলেছেন, বাংলাদেশে ১৯৯১ সালের নির্বাচনের আগে আইএসআই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অর্থ দিয়েছিল বলে সম্প্রতি যে খবর বেরিয়েছে তা সম্পূর্ণ বানোয়াট।
বিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জেনারেল আসাদ দুররানি বলেন, পাকিস্তানের সুপ্রিম কোর্টের শুনানিতে এরকম কোনো কথাই তিনি বলেননি।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের সংবাদপত্র খালিজ টাইমস এবং বৃটিশ দৈনিক ডেইলি মেইল এ মাসের গোড়াতে খবর দেয় যে, পাকিস্তানের সুপ্রিম কোর্টের এক শুনানিতে দুররানি বিএনপিকে নির্বাচনের জন্য ৫০ কোটি রুপি অর্থ দেয়ার কথা স্বীকার করেছেন।
এ খবর প্রকাশের পর বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এনিয়ে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। বিএনপি এই অভিযোগ যেমন অস্বীকার করেছে, তেমনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিকে বিএনপিকে আইএসআই’র অর্থ দেয়ার খবর নাকচ করে দিয়েছে।
বিবিসি থেকে রাওয়ালপিন্ডিতে জেনারেল দুররানিকে টেলিফোনে জিজ্ঞেস করা হয়, আদালতের শুনানিতে বিএনপি প্রধান খালেদা জিয়াকে আইএসআই টাকা দিয়েছে, একথা তিনি বলেছেন কি না।
জবাবে জেনারেল দুররানি বলেন, তিনি এ ধরনের কোনো কথাই আদালতে বলেননি। খালেদা জিয়া ছাড়া বিএনপির অন্য কাউকে আইএসআই অর্থ দিয়েছে কি না এই প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা আমি মনে করতে পারছি না। আমার বিশ্বাস কেউ সেটা করেনি।”
তিনি বলেন, “এটি একটি ভুয়া খবর এবং এটা সাংবাদিকতার নীতি বিরোধী।” কিন্তু কেন এই খবর ছাপানো হয়েছে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।
জেনারেল দুররানিকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের রাজনীতিকদের আইএসআই অর্থ দিয়ে থাকে কিনা? জবাবে তিনি বলেন, “আমার বিশ্বাস আমাদের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। তাদের তরফ থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। এ ধরনের কোনো লেনদনে হয়েছে এমন কোনো কথাবার্তা হয়েছিল বলে আমার মনে পড়ে না।”
পাকিস্তানের সুপ্রিম কোর্টের শুনানিতে বাংলাদেশের প্রসঙ্গে কোনো কথাবার্তা হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমার জানা মতে সুপ্রিম কোর্টের শুনানিতে বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথাবার্তা হয়নি। আমি শুনানিতে যে বক্তব্য দিয়েছি, তার দলিল আদালতেই আছে, যেটা আদালত বিবেচনা করছে। সে কারণেই আমি বলতে পারি, এই অর্থ দেয়ার বিষয়ে আদালতে কেউ কখনো কোনো কথাই বলেনি। ফলে এই অভিযোগ অস্বীকার করতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



