লা লিগার শিরোপা না-ও জিততে পারে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। ট্রফি যেতে পারে বার্সেলোনার ঘরে। এমনটাই বিশ্বাস করেন রিয়ালের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। গোল ডট কমের এক খবরে এ কথা জানানো হয়েছে।
গতকাল রাতে রিয়াল মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভ্যালেন্সিয়া।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পেলে বার্সার চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে থাকত রিয়াল। কিন্তু ড্র করায় ব্যবধানটা এখন মাত্র ৪ পয়েন্টের। এ অবস্থায় রিয়ালে শিরোপা জয়ের সম্ভাবনা প্রশ্নে ম্যাচ শেষে সাংবাদিকদের ক্যাসিয়াস বলেন, ‘আমি বিশ্বাস করি, লা লিগা হারাতে পারে মাদ্রিদ। কারণ বার্সেলোনাও লড়ছে এবং আমরা সেভাবে ভালো করছি না। আমরা কখনোই বলিনি যে এরই মধ্যে শিরোপা জিতে গেছি।’
ক্যাসিয়াসের দাবি, ভ্যালেন্সিয়ার বিপক্ষে আরও ভালে করতে পারতো রিয়াল। ৩০ বছর বয়সী স্প্যানিশ এই তারকা বলেন, ‘বার্নাব্যুতে কেউই এমন নেতিবাচক ফল প্রত্যাশা করেনি। কিন্তু এটা ছিল খুবই কঠিন ও ভালো খেলা। লোকজন এ ধরনের খেলাই দেখতে চায়। সম্ভবত আমাদের গোল করার ভালো সুযোগ ছিল। তবে ভ্যালেন্সিয়াও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



