সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করাসহ তিন দফা দাবিতে সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ১ ঘণ্টার প্রতীকী ধর্মঘট পালন করেন দেশের পুঁজিবাজারে কর্মরত সাংবাদিকরা। পুঁজিবাজারে কর্মরত সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) উদ্যোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে এই কর্মসূচী পালন করা হয়। এ সময় সাংবাদিক নেতারা বলেন, এ হত্যার বিচার কেন্দ্র করে আরেকটি জজ মিয়া নাটকের মঞ্চায়নের চেষ্টা চলছে।
সংগঠনের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম হারুন, ইটিভি’র বিজনেস এডিটর সৈয়দ আতিয়ার রহমান সবুজ, বিজনেস টাইমস২৪ ডটনেটের প্রধান সম্পাদক খোরশেদ আলমসহ পুঁজিবাজার বিটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের শতাশিক সংবাদকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মবিরতি শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় জিয়াউর রহমান বলেন, ‘‘সাংবাদিকরা দেশের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের কথা তুলে ধরেন। একটি রাষ্ট্রের সুস্থ গণতান্ত্রিক চর্চায় সাংবাদিকরা অগ্রনী ভূমিকা পালন করেন। এ জন্য সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি সরকারকে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করতে হবে।’’
তিনি আরো বলেন, ‘‘ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি এ হত্যাকাণ্ড নিয়ে আরেকটি জজ মিয়া নাটকের মঞ্চায়নের চেষ্টা চলছে। এই ধরনের কোন ঘটনা ঘটলে সাংবাদিকরা সেটা মেনে নেবে না।’’
গত ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর রাজাবাজারে নিজেদের ফ্ল্যাটে নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তাসম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
এর পর থেকে তাদের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে সাংবাদিকরা অভিন্ন কর্মসূচি পালন করছে।
বার্তা২৪ ডটনেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

