
তোমায় কি একটু ছুঁয়ে দেখতে পারি মধুরিমা?
হঠাৎ হাসি এলো,
জানি,
জানি সেতো সম্ভব নয়।
পাওয়া না পাওয়ার খেলাতে
সারাটা জীবন,
আমি বরাবরই না পাওয়ার দলে।
হেরো পার্টি আর কি।
আমার জীবনটাই একটা ধোকাবাজির সুদীর্ঘ উপন্যাস কিনা।
কতকাল হয়ে গেলো!
তোমায় ছুঁয়ে দেখা তো দুরের কথা,
চোখের দেখাও দেখতে পেলাম না।
আমাকে হয়তো ভুলে গিয়েছো!
অথবা জোর করে মন থেকে সরিয়ে রেখেছো।
এতো স্মৃতি, এতো গান ,এতো কথকতা।
কিভাবে সম্ভব ভুলে যাওয়া?
কি করে পারলে?
আমায় একটু শিখিয়ে দেবে?
বেঁচে যেতাম তাহলে এ জীবনের মতো।
আচ্ছা,
কিভাবে বুকের দহন ভুলে থাকতে হয়?
কি করে সবচেয়ে প্রিয় মানুষটির জন্য
স্মৃতি কাতর না হওয়া যায়।
কিভাবে সমস্ত অতীত এক নিমেষে
এক ক্লিকে ডিলিট করতে হয়?
ঠিক যেমন করে তুমি আমায় ভুলে গিয়েছো।
যেভাবে আমার স্মৃতি ছুড়ে ফেলেছো।
হ্যাঁ ছুড়ে ফেলেছো।
জানো না হয়তো,
কষ্টের রাতগুলো কতোটা বেদনায় ভরা।
সুতীব্র উল্লাস ধ্বনি সহ নিত্য কুরে কুরে খায়
আমার হৃদয় মন্দির।
নিয়মিত এখনো নিয়মিত।
আমি একটু শান্তি পেতে চাই।
আমি একটু ঘুম জড়ানো রাত পেতে চাই।
তুমি এমন কেন? কেন এমন?
কেন তুমি এলে এ জীবনে?
আবার চলে গেলেও হ্যালির ধুমকেতুর মতো।
কেন?
কোথায় হারালে ? কোথায়?
খুঁজে খুঁজে আমি হয়রাণ।
আমি আর খুঁজতে চাই না তোমায়।
আমি আর ছুঁতেও চাই না তোমায়।
আমি আর চোখের দেখা দেখতেও চাই না তোমায় ।
আমি তোমায় ভুলতে চাই,
ভুলতে চাই।
ভুলতে চাই।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২০ সকাল ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



