
তোমার ভ্রু যুগলের ঠিক মধ্যখানে
একটি গোল কালো টিপ
বিশ্রামরত নিশ্চিন্তে।
তোমার ওষ্ঠধারের কালো তিলখানি
সর্বদা আমায় প্রণয় আহ্বানে ব্যস্ত।
দুটো প্রেম চিহ্ন
ঘুরে ফিরে
আমি চেয়ে দেখি বারবার।
আমি রচি নানা কাল্পনিক ছবি
নানা রঙে নানা ঢঙে
খুঁজে ফিরি আমার প্রেম প্রণয় তোমারই মাঝে।
তোমার শ্যামল মুখখানি লাস্য জড়ানো
তোমার খোলা এলোচুলে দখিনা বাতাস দোলা দেয়
মুহুমুহু।
আমি বিপর্যস্ত।
নির্মল আনন্দে চেয়ে দেখি
তোমার কিছু অবিন্যস্ত কেশ জড়ো হলো
আবার কিছু উড়ে গেল অবাধ্যতায়
এলোমেলো বারবার বারবার।
মনোময় তুমি আমার হৃদয় আকাশে দোলা দিয়ে যাও
দুরন্ত মেঘ বালিকার মত।
তোমার এই মায়া জড়ানো অপার্থিব রূপ
আমায় সকল সৃষ্টির একমাত্র অনুপ্রেরণা।
তোমার এলোমেলো সাজ আমার বিহ্বলতার কারণ
তোমার টোল ফেলা হাসি আমার মন করেছে হরণ।
তোমার মৃদু লজ্জা আমার মনে কৌতুহল জাগায়
তোমার চোখের জল? সে আমার বিচলিত হবার কারণ।
তোমার হঠাৎ অনুপস্থিতি আমার চিন্তার উদ্রেক ঘটায়।
তোমার বিষ্ময় চাহনি আমায় অতল গভীর মায়া
তুমি প্রেমি, আমার প্রণয়নী আমার পূজার কায়া।
এসো প্রিয়
বাহুবন্ধনে এসো
সাড়া দাও প্রিয়তমা আমার আকুল আহ্বানে
তুমি আমার শুধুই আমার ঘুমে ও জাগরণে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
ছবি গুগল থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


