
আমায় তুমি পিছু ডেকো না'গো মা
আমার ফেরা সম্ভব না।
দেশ মাতৃকায় উৎসর্গিতা আমি
আমি তো সেই ক্ষণজন্মা!
আমায় তুমি আশীর্বাদ করো মা,
মোছো তোমার চোখের জল।
নিপীড়িতদের আর্তনাদ শুনছো কি তুমি?
শুনেছো কি আর্তের কোলাহল?
উৎপীড়কের প্রতিরোধের দায় আমাদেরই
এর সুরাহা করতে হবে।
যেদিন দেশমাতৃকা স্বাধীন হবে
সেদিনই আমায় ফিরে পাবে।
আমি তোমায় অস্বীকার করছি না মা,
আমি যে তোমার নাড়ী ছেড়া ধন।
বিপ্লবীর মা কি কখনও কেঁদেছে?
এমনতর দুখের কাঁদন?
রানী শূন্য রাজ্য তুমি আগলে রেখো
আমি যা করছি আমার কর্তব্য!
সমর্পিতা আমি দেশের নিমিত্তে
এটাই আমার ভবিতব্য।
তোমার কথা ভাবলে মাগো
কান্নায় ভাসে দু'চোখ আমার।
একদিন এদেশ মুক্ত হবেই যেনো
ভাঙবে পরাধীনতার রুদ্ধ-দ্বার।
আপামর জনতার মুক্তির উদ্দেশ্যে
ত্যাগ করলাম এ অমূল্য প্রাণ।
মিনতি কখনও ভুলো না আমায়
ভুলো না এ অধমের সামান্যতম দান।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২৬ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



