
শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম রাখাল বাজায় বাঁশি
রাত নিশিথে দিগন্তরেখায় বাঁকা চাঁদের হাসি।
কাশের বনে কাশ ফুটেছে উতলা হাওয়া বয়
শিশির-স্নাত শিউলিগুলো অবাক চেয়ে রয়।
শরৎ এলেই সবার মাঝেই দারুণ পুলক জাগে
সবুজ মাঠে ঢেউ এর দোলা দেখতে ভালো লাগে।
ঢাক বাজছে ঢুলি পাড়ায় উৎসবের আগমনি
উঠলো নেচে আনন্দেতে মায়ের নয়ন মণি।
আসছে পুজো সাজবে সবাই রঙ বাহারি সাজে
মাতবে সবাই বিভেদ ভুলে উৎসবের আমেজে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ১১-০৬-২০২৬
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২৬ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



