
কন্যারে তোর রূপের আগুনে পরান জ্বইল্যা যায়
যে দিক দেখি সেদিক পানে আলোর রোশনাই।
সখীরে তুই মন মাঝারে নেশা জাগানিয়া
উতল প্রেমের অনলে পোড়ে মাতাল প্রেমিক হিয়া।
মাইয়ারে তুই হৃদ মাঝারে কঠিন প্রেমের অসুখ
মন গহীনের অচিন ব্যথায় পরাণে নাই সুখ।
সূর্য যখন রোদ চমকায় রামধনু রং ফোটে
বাদলা দিনের সেই নিরালা প্রেম উথলাইয়া ওঠে।
দিনে রাতে অষ্টপ্রহর তোরে ই খুঁইজ্যা ফিরি
কন্যারে তুই বুঝিস না ক্যান আমি তোরই বিরহী।
সখীরে তুই ভালোবাসা তুই উতলা নদী
সেই নদীতে স্রোত হইতে চাই ভাসতে নিরবধি।
সুন্দরী তুই অন্তর মাঝে চিকন সুখের ব্যথা
এক দন্ড না দেখলে তোরে বাড়ে অস্থিরতা।
পরাণ পাখি তুই মহুয়া ফুল আমি সুগন্ধি সুবাস
আমার গীতের কাব্য কথার গভীরতম প্রকাশ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২৬ ভোর ৬:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




