![]()
ফড়িং নিয়ে ছোটবেলা থেকেই যথেষ্ট আগ্রহ ছিল। ফড়িং ধরতে ছুটে বেড়াতাম। এই হতচ্ছাড়াদের ধরতে কতটা কষ্ট যে করতে হতো, তার অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে কমবেশি। কাঁটামান্দার গাছের আঠালো কষ পাটখড়ির মাথায় লাগিয়ে ফড়িং’র পিছন পিছন দৌড়াতাম। ফড়িং এর পিছু ছাড়তাম না, তীর্থের কাকের মত অপেক্ষা করতাম। তারপর সুযোগ বুঝে দু’পাখা চেপে ধরে সোজা নেটের খাচার ভেতর চালান। ফড়িং’র পিছনে সুতা বেঁধে ঘুড়ি বানিয়ে ছেড়ে দিলে খুব মজা লাগত। যখন ইচ্ছা টান দিয়ে নামানো যেত।
![]()
শৈশবে খেলার বশে কত যে ফড়িং মেরেছি ভাবলেই দুঃখ হয়। শিশুরা কোন কোন ক্ষেত্রে ভয়ানক নিষ্ঠুর। তারা সুতায় বেধে ফড়িং আটকে রাখে, পিঁপড়া মেরে নির্মল আনন্দ পায়। কোন কোন ক্ষেত্রে অপরাধবোধ তাদের মাঝে মোটেই কাজ করেনা। সুন্দর কে ধ্বংস করার প্রবনতা মানবের জন্মগত। আবার সেই একসময় সুন্দরকে লালন করতে জীবন বাজি রাখতে পারে। বড়ই অদ্ভুত এই আমি ও আমরা।
![]()
স্মৃতিচারণ সেকেলে হলেও উপরের তিনটি ছবি একালে এবং দেশে তোলা বিধায় সেকালের মনে করে চালিয়ে দেবার চেষ্টা মাত্র। যতটুকু মনে পড়ে, ছবিগুলো তুলেছিলাম Nokia E-71 দিয়ে। তখনও সৌখিন ফটোগ্রাফির ভূত ঘাড়ে চাপে নি।
ছোটবেলার সেই ফড়িং ধরার ইচ্ছাটা রয়ে গিয়েছে এখনোও। ফড়িং না ধরলেও পিছু পিছু ছুটে বেড়াই। আর ইদানীং ফটোগ্রাফির নেশাটা জেকে বসার দরুন তাদের (পোকা-মাকড়, জীব-জন্তু, প্রকৃতি প্রভৃতি) ওপর চলে সব পরীক্ষামূলক কার্যক্রম। কান্ট্রি কটেজের টুকটাক, ছোটখাট কাজকর্ম শেষে অবসর সময়ে চলে ফটো সেশন। মাঝে মধ্যে পরিবারের সদস্যদের থেকেও কিছুটা সাহায্য পাই। জীবন্ত প্রকৃতির আলোকচিত্র নিতে আমাকে খুব বেশী ঘোরাঘুরিও করতে হয় না। কটেজের আশপাশ এলাকাই যথেষ্ট। দিনের পর্যাপ্ত আলো থাকা অবস্থাতেই পড়ন্ত বিকেলে চারপাশের পরিবেশ যখন শান্ত হয়ে আসে, ঠিক তখনই শট নেবার মোক্ষম সময়। নীচের ছবিগুলো গতবারের এবং এবারের সামারে তোলা। ম্যাক্রো শট নিতে ব্যবহার করেছি Nikon D7000 body।
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




