সবসময় ইট-কাঠের খাঁচায় থাকতে থাকতে মনটা কেমন হাঁপিয়ে ওঠে । মনে হয় যদি সেই গ্রামটাকে আবার একটু ফিরে পেতাম হয়তো বুক ভরে নিঃশ্বাস নিতে পারতাম । হয়তো কৃত্রিম এই সবকিছু ছেড়ে মাটির সোঁদা গন্ধে নিখাঁদ জীবনযাত্রায় শামিল হতে পারতাম । চাইলেইতো আর সব কিছু পাওয়া যায়না তবে দুধের স্বাদ ঘোলে মেটাতে মানা নেই । সেই চিরচেনা প্রশান্তিময় গ্রামীণ জীবনের ছোঁয়া পেতে ফের দেখলাম "স্বপ্নডানায় (On The Wings Of Dream)" ।
সপ্তাহান্তে বসা হাটে ক্যানভাস করে মলম বিক্রি করা ফজলু (মাহমুদুজ্জামান বাবু) ও তার ছেলে রতন হাট শেষে পুরোনো কাপড়ের দোকান থেকে একটা প্যান্ট কেনে । ফজলুর বউ (রোকেয়া প্রাচী) সেই প্যান্ট ধুতে গিয়ে পকেটে কিছু বিদেশী টাকার নোট পায় । এই টাকাগুলো ভাঙানোর জন্য ফজলু আর তার দোস্ত সিরাজ মেম্বার (ফজলুর রহমান বাবু) নানা জায়গায় ঘুরে বেড়ায় । টাকাগুলোকে ঘিরে জেগে ওঠা স্বপ্ন আর জীবনে বাস্তবের রূঢ়তার অসাধারণ চিত্রায়ণ এই "স্বপ্নডানায়" ।
নওগাঁ জেলার পোরশা থানার বিভিন্ন গ্রামে দৃশ্যায়িত এই সিনেমায় অনুভব করেছি সদ্য ক্ষেত থেকে কেটে আনা ধানের আঁটির গন্ধ , খড়ের উচুঁ পালা , গরুর গাড়ির ক্যাঁচকোচ শব্দ , বাঁশঝাড়ে বাতাসের ফিসফাস , ডাংগুলি খেলা শেষে ডানপিটে ছেলেদের ডুঁবসাতারে হইচইময় তালগাছঘেরা ঘোলা পানির পুকুর , হ্যারিকেনের আধো আলোয় আলকাতরালেপা কাঠের স্লেটে চক দিয়ে বর্ণ পরিচয় , হাঁসের বিশাল ঝাঁক , খালি পায়ে স্কুলে যাওয়া কিশোর কিশোরির দল , মাঝে মাঝে গজিয়ে ওঠা ছনগাছের ঝোপ ও ঘন সবুজ গাছে আর ঘাসে দুইপাশ ছাওয়া নরম ধুলোর মেঠোপথ , মাটির ঘরের দেয়ালে রান্নার লাকড়ির জন্য গোবর শুকানো , লাল কাঁচের চুড়ি পেয়ে গ্রাম্য ললনার খুশিতে ঝিকমিক করে ওঠা চোখ , ফসল কেটে নেয়া সদ্য ন্যাড়া বিস্তৃত জমি , চেনা অনেক পাখির কিচিরমিচির শব্দ , এই অতিপরিচিত হৃদয়মথিত আবেগগুলো কোথায় যেন লুকিয়ে থাকে কিন্তু প্রাণের গভীরে থেকে যাওয়া সজীব বিষয়গুলি "স্বপ্নডানায়" ভেসে হঠাৎই মন তোলপাড় করে তোলে ।
সিনেমার কাস্ট সবার কাছেই ভালো লাগবে । রোকেয়া প্রাচী আমাদের দেশের যে কয়জন অভিনেত্রী আছেন যাদের পারফর্মেন্স অভিনয় নয় বরং বাস্তব মনে হয় তাদের অন্যতম একজন । ফজলুর রহমান বাবু মানুষটাকে আমার পানির মতো মনে হয় মানে উনাকে যে পাত্রে (চরিত্রে) রাখা হবে উনি সেই ভাবেই নিজেকে উপস্থাপন করতে পারবেন । 'আমি বাংলায় গান গাই' গানটি দিয়ে সবার কাছেই পরিচিত হওয়া মাহমুদুজ্জ্জামান বাবুও যে ভাল অভিনয় জানেন তা সিনেমাটা দেখেই বোঝা যায় ।
হলিউডি মুভিতে হ্যান্স যিমার , অ্যালান সিলভেস্ত্রি , জন পাওয়েল এমন আরো অনেক মিউজিশিয়ানের দামী সব ইন্সট্রুমেন্ট এ করা মিউজিক শুনে মনে দোলা লাগতে পারে তবে দোতারা - বাঁশির সুরের চেয়ে এত আপন আর বোধহয় কিছু লাগেনা যা এই সিনেমায় রয়েছে । বাপ্পা মজুমদারের মিউজিক ডিরেকশন অসাধারণ হয়েছে । আর বিশেষ করে মানসী সাধুর "জানি একদিন ভোর হবে" গানটা মন ছুঁয়ে গেছে ।
২০০৭ এর শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নতুন পরিচালক ক্যাটাগরীতে গোল্ড হুগো নমিনেশন , ভারতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি অ্যাওয়ার্ড , সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালক পুরষ্কার পায় "স্বপ্নডানায়" ।
ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যানারে ২০০৭ সালে মুক্তি প্রাপ্ত গোলাম রব্বানী বিপ্লব পরিচালিত "স্বপ্নডানায়" সিনেমাটির গল্প লিখেছেন আনিসুল হক । মিউজিক করেছেন বাপ্পা মজুমদার । ৮৪ মিনিট এর এই সিনেমাযে আমাদের শেকড় গ্রামে সবাইকে হঠাৎ টেনে নিয়ে যাবে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই ।
[সবার প্রতি অনুরোধ রইল ডাউনলোড না করে আমাদের দেশের সিনেমাগুলোর সিডি/ডিভিডি কিনে দেখুন]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



